ঠাকুরগাও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনসারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে ওই তিন জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।
আটকরা হলেন- দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রের আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও সিয়াম এবং আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মিনহাজ।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।
কেকে/ এমএস