বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এলপিজির কমিশন বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে সিলিন্ডারের দাম      ● দুই ঘণ্টা পর মিরপুর-১০ ছাড়লেন পোশাকশ্রমিকেরা, যান চলাচল স্বাভাবিক      ● মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি প্রার্থী      ● তেল-গ্যাসে নাভিশ্বাস      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : শুরু হয়েছে ভোটগ্রহণ, লড়াইয়ে ৫ প্রার্থী      ● ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, মনোবল ফিরেছে পুলিশের : স্বরাষ্ট্রমন্ত্রী
শ.ম. সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:৪২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পুলিশ বাহিনী পুরোদমে মনোবল ফিরে পেয়েছে। অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার, তদন্ত ও বিচারের আওতায় আনতে পুলিশ সফলভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইনস্পেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশ বাহিনীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সদস্যদের মনোবল বাড়ানো এবং আধুনিক সরঞ্জামে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এএসপি, সাব-ইনস্পেক্টর (এসআই) ও কনস্টেবলসহ বিভিন্ন পদে নিয়োগপ্রক্রিয়াও চলমান রয়েছে। পুলিশ সদস্যদের জন্য শাস্তি ও পুরস্কার এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন নীতি চালু করা হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

পাহাড়ে পরিস্থিতি শান্তিপূর্ণ

পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও শান্তিপূর্ণ রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী আন্তরিকতার সঙ্গে সেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

এমপিপুত্রকেও ছাড় দেওয়া হয়নি

দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা হত্যা মামলায় সংসদ সদস্যের ছেলেকেও ছাড় দেওয়া হয়নি। অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্যের সন্তান হলেও আইনের ঊর্ধ্বে কেউ নন। অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে প্রতিক্রিয়া

ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুঞ্জন, দলটির কার্যক্রম এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে তীব্র প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না। গণঅভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে; সরকারের হিসাব অনুযায়ী এ সংখ্যা ২ হাজারের বেশি। তাঁর অভিযোগ, এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জঙ্গিবাদী হিসেবে আখ্যা দিয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলে জনগণ তা গ্রহণ করবে না। কে দেশে ফিরতে চাইছেন, আর কে চাইছেন না, তা নিয়ে সরকার বিচলিত নয়। তবে যে-ই আসুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়

ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

প্রাথমিক তদন্ত ও মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে এ বিষয়ে কথা বলবেন বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

পুলিশ সদস্যদের কঠোর বার্তা

এর আগে সকালে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে পেশাগত দায়িত্ব পালনে অবহেলা বা শৈথিল্য বরদাশত করা হবে না বলে পুলিশ সদস্যদের সতর্ক করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব পালনে অবহেলা, আইন অমান্য, অপরাধ কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পেশিশক্তির পরিবর্তে পেশাদারিত্ব বজায় রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, নিরপরাধ মানুষকে সুরক্ষা দিতে হবে। অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে এবং নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাই প্রয়োজন অনুযায়ী দক্ষতা অর্জনের পাশাপাশি সেবাপ্রত্যাশী অসহায় মানুষের প্রতি আন্তরিক হতে হবে।

ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষকে আইনি সেবা ও সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি। ‘সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত হয়ে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও কল্যাণে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় মঞ্চে তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাইনুল হাসান উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close