বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে শুরু হয়েছে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ বিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান কার্নিভালের উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
এ বছরের বিজ্ঞান উৎসবে দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে উৎসবজুড়ে রয়েছে নানা আয়োজন।
প্রতিযোগিতার মধ্যে রয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়ালপত্রিকা, বিজ্ঞান প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্পলিখন ও কম্পিউটার গেমিং। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটি ফোর-ডি মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, এসব উদ্যোগ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান বলেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা ও গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। একই সঙ্গে এটি তাদের সামাজিক সচেতনতা, সৃজনশীলতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়ায়।
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত হয়।
কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, বিজ্ঞানমনস্ক ও মেধাবী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়া, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহ জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
আগামী শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় বিজ্ঞান কার্নিভালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি, গবেষণামনস্কতা তৈরি এবং নতুন প্রজন্মকে উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এ বিজ্ঞান কার্নিভালের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
কেকে/ এমএস