কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চর বামনেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো চর বামনেরচর এলাকার নবী চাঁনের ছেলে মো. নাঈম ও সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে খেলছিল নাঈম ও আব্দুল্লাহ। একপর্যায়ে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
এরপর তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ