নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে অক্টোবর মাসে নির্ধারিত দামেই আগামী মাসে বিক্রি হবে এসব জ্বালানি তেল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকেও এ মূল্য বহাল থাকবে।
দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়া হয়। জ্বালানি তেলের মূল্য পরিবর্তনের প্রভাব পরিবহন ব্যয়, পণ্য উৎপাদন ও সরবরাহ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরে পড়তে পারে।
বিশেষ করে কৃষি, পণ্য পরিবহন ও বিভিন্ন শিল্পকারখানায় ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহনে অকটেন ও পেট্রোলের ব্যবহার রয়েছে। বিভিন্ন ক্ষেত্রেই কেরোসিন জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।
ফলে নভেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকায় ভোক্তাদের আগের নির্ধারিত দামেই এসব জ্বালানি কিনতে হবে।
কেকে/ এমএস