নরসিংদী শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। তবে অভিযুক্ত শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তার করতে পারেনি অভিযান পরিচালনাকারী দল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযান সম্পর্কে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১-এর নরসিংদীর অ্যাক্টিং কমান্ডার মো. আল মাসুদ খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত শরীফ ভূঁইয়ার বাড়িতে গত রাত ১২টা থেকে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির গোডাউনঘর থেকে একটি বিদেশি রিভলভার, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ৮২ রাউন্ড গুলি, দেশি নয়টি অস্ত্র, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়।
উদ্ধার করা গুলির মধ্যে জুলাই অভ্যুত্থানের সময় থানা-পুলিশের খোয়া যাওয়া শর্টগানের গুলি থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযুক্ত শরীফ ভূঁইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভূঁইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এসআরবি-১১-এর এই কর্মকর্তা।
কেকে/ এমএস