বন্ধুত্বের সম্পর্ক কখনো সময়ের সঙ্গে বদলে যায়, আবার কিছু বন্ধন দীর্ঘদিন ধরে একই রকম অটুট থাকে। কোনো বিশেষ কারণ বা স্বার্থ ছাড়াই একে অন্যের পাশে থাকার মধ্যেই এমন বন্ধুত্বের সৌন্দর্য। শোবিজ অঙ্গনেও রয়েছে এমন কিছু বন্ধুত্বের উদাহরণ। অভিনেতা তৌসিফ, সাফা কবির, মুমতাহিনা টয়া ও শাওনদের বন্ধুত্ব তেমনই একটি।
কাজের ব্যস্ততার বাইরে সুযোগ পেলেই একসঙ্গে সময় কাটান তারা। এবারও বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়েছেন এই তারকারা। তবে বিদেশে নয়, দেশের প্রকৃতি উপভোগ করতেই বেছে নিয়েছেন সিলেটের নাজিমগড় ও লালাখাল এলাকা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্রমণের আভাস দেন অভিনেতা তৌসিফ। নিজের পোস্টে তিনি লেখেন, ‘বন্ধু, জীবন, ভ্রমণ আর জন্মদিন।’ তার এই পোস্ট থেকেই বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপনের ভ্রমণের ধারণা পাওয়া যায়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ছিল অভিনেতা তৌসিফের জন্মদিন। পরদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানে বসা একটি ছবি প্রকাশ করেন তিনি। এরপরই বন্ধুদের সঙ্গে ভ্রমণের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সামনে আসতে শুরু করে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অভিনেত্রী সাফা কবিরও ভ্রমণের কিছু ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি ফেসেস, লেক ডেজ’। প্রকাশিত ছবিতে সিলেটের নাজিমগড় ও লালাখালের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি লেকে নৌভ্রমণের মুহূর্তও দেখা যায়। বন্ধুদের সঙ্গে কাটানো আনন্দঘন সময়ের এসব ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর তাদের অনুসারীদের অনেকেই বন্ধুত্বের এই সম্পর্কের প্রশংসা করছেন। পর্দার বাইরেও তারকাদের এমন আন্তরিক বন্ধন ও একসঙ্গে সময় কাটানোর মুহূর্ত ভক্তদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ।
কেকে/সাশ