টাঙ্গাইলের ধনবাড়ীতে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকানের ড্রয়ার থেকে ৯৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার দাবি করেছেন ব্যবসায়ী ফরহাদ হোসেন। এ ঘটনায় তিনি ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বলিভদ্র ইউনিয়নের বাগুয়া পানকাতা বাজারে ফাহিম সিয়াম ট্রেডার্সে এ ঘটনা ঘটে। ফরহাদ হোসেন ওই এলাকার মৃত মুনছের আলীর ছেলে।
ফরহাদ হোসেনের ভাষ্য, মঙ্গলবার রাতে স্ত্রী ও ছেলেকে নিয়ে দোকান থেকে পুরোনো বাড়িতে যাওয়ার পথে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ সময় তার স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে রাত সোয়া ১১টার দিকে দুলাল, গোলজার আলী, তোরাপ আলী ও সুজনসহ কয়েকজন তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে ও পরিবারের সদস্যদের মারধরের চেষ্টা করেন। দোকানের ড্রয়ারে থাকা ৯৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। পরে আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশ এবং লাশ গুমের হুমকি দিয়ে তারা চলে যান। এ ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
অভিযুক্ত দুলাল হোসেনের বাড়িতে গিয়ে এ বিষয়ে কারও বক্তব্য পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ভুক্তভোগী বুধবার (২৮ অক্টোবর) রাতে থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ