প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টোকিও-ঢাকা রুটের ফ্লাইট বিজি ৭৭৭-এ কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) এ কমিটি গঠন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং চিফকে সভাপতি, চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রডাকশন) ও ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)–কে সদস্য এবং ব্যবস্থাপক (আইনবিষয়ক)–কে সদস্যসচিব করা হয়েছে। প্রয়োজনে কমিটি বিমানের যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।
গঠিত কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। ফেরার পথে ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
কেকে/ এমএস