শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      ● রোহিঙ্গা গণহত্যায় ক্ষতিপূরণ-প্রত্যাবাসনসহ ১২ সিদ্ধান্ত আইসিজের      ● রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়ে আমরা সন্তুষ্ট : হুমায়ুন কবির      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬১৫      ● দুই ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি      ● ‘গণহত্যার উদ্দেশ্য’ ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার      
দেশজুড়ে
বিশ্বে ‘জোর যার, মুল্লুক তার’ নীতি বাস্তব রূপ নিচ্ছে: প্রধান বিচারপতি
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে ‘জোর যার, মুল্লুক তার’—এই নীতি দিন দিন বাস্তবে রূপ নিচ্ছে। বিশ্ব পরিস্থিতির দিকে তাকালেই এর অসংখ্য উদাহরণ দেখা যায়। এমন বাস্তবতায় মানবতা ও মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আইন বিভাগের আয়োজনে ‘সমসাময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন। এ বিষয়ে নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে তিনি বলেন, এর অসংখ্য উদাহরণ রয়েছে। এ জন্য কোনো তথ্যসূত্র বা উদ্ধৃতির প্রয়োজন নেই। চারপাশে তাকালেই এর বাস্তবতা উপলব্ধি করা যায়।

মানবাধিকারের বিভিন্ন শ্রেণিবিভাগের সমালোচনা করে তিনি বলেন, বাঘের অধিকার, কচ্ছপের অধিকার, শিশুদের অধিকার, শ্রমের অধিকার কিংবা শ্রমিকদের অধিকার—এভাবে আমরা অধিকারের নানা শ্রেণিবিভাগ করে থাকি। কিন্তু মানবাধিকার তো মানবাধিকারই। অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই যেন ভুলে গেছি।

তিনি আরও বলেন, আমরা কি এমন একটি দিনের কথা বলতে পারি, যেদিন কোনো একটি দেশ, এমনকি কোনো একটি শহরেও একজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেনি? এমন কোনো দিনের কথা কি আপনাদের মনে পড়ে? আমার তো পড়ে না। তবে আমার মতের সংশোধন হলে আমি তা গ্রহণ করতে প্রস্তুত।

সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত গবেষক ও শিক্ষাবিদদের স্বাগত জানিয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সায়েদা আনজু বলেন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ সুদান, নামিবিয়া ও গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণ সম্মেলনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।

তিনি জানান, জমা পড়া গবেষণাপত্রের সারসংক্ষেপ থেকে মৌলিকত্ব ও একাডেমিক মানদণ্ডের ভিত্তিতে উপযুক্ত গবেষণাপত্র নির্বাচন করা হয়েছে। এ জন্য অ্যাবস্ট্রাক্ট সিলেকশন কমিটি, সেশন চেয়ার ও প্যানেল আলোচকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ নতুন উদ্বেগের সৃষ্টি করছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যকার সম্পর্ক নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সার্বভৌমত্বের পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আইনের শাসন কেবল রাষ্ট্র পরিচালনার মাধ্যম নয়; বরং অন্যায়, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবেও ভূমিকা পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বেসরকারি বাহিনী, অভিবাসন ও আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়গুলো বিশ্বজুড়ে নতুন আইনি ও নৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী আইনি চিন্তাভাবনা, আন্তবিষয়ক গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, দেশ-বিদেশের গবেষক ও শিক্ষাবিদ, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close