শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      ● আইসিজের রায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়বে : শামা ওবায়েদ      ● পাঁচ ধাপে চার হাজার ৩৩২ ইউপিতে ভোটের তালিকা প্রকাশ      
প্রিয় ক্যাম্পাস
তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপাল যাচ্ছেন রাবির ৫ প্রতিনিধি
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নেপালে অনুষ্ঠিতব্য প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী ও এক সাবেক শিক্ষার্থী। তাদের সঙ্গে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক এবং তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন তারা।

৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের প্রতিযোগীরা কিয়োরুগি (ফাইট) ও ব্যক্তিগত পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে অংশ নেবেন।

প্রতিযোগিতায় রাবির হয়ে অংশ নিচ্ছেন ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. শাহীন আলী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম।

তাদের মধ্যে সাবাহ কানেতা তারিক ব্যক্তিগত পুমসে, মো. শাহীন আলী পুমসে ও কিয়োরুগি এবং কামরুজ্জামান ও মরিয়ম কিয়োরুগি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলের অন্যতম প্রতিযোগী মো. শাহীন আলী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছেন। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পাশাপাশি আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক পেয়েছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদক পেয়েছেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন তিনি। বর্তমানে তিনি ক্লাবটির ক্রীড়া সম্পাদক।

প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া আরেক শিক্ষার্থী কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক পেয়েছেন তিনি। তিনি ক্লাবটির প্রচার সম্পাদক।

দলের কোচ কামরুজ্জামান চঞ্চল রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের বিশেষজ্ঞ উপদেষ্টা। তিনি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী রিদওয়ান তাসকিন রাতুল। ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে রৌপ্যপদক অর্জন করেন তিনি। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক। তার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়ানৈপুণ্য তুলে ধরার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি ও দেশের প্রতিনিধিত্ব করতে চান প্রতিযোগীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ   নেপাল   রাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close