লালমনিরহাটের বিভিন্ন এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সড়কে আগুন জ্বালিয়ে সাময়িক অবরোধের ঘটনা ঘটেছে। তবে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে।
একাধিক সূত্রের দাবি, এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের লালমনিরহাট জেলা শাখার সভাপতি আরিফ ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জীবন রায়ের সম্পৃক্ততা থাকতে পারে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের মুখে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি কয়েকজন নেতার নামও শোনা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার তিস্তা-বুড়িমারী মহাসড়ক, মহেন্দ্রনগর-বড়বাড়ি, মোস্তফি-বড়বাড়ি, কুলাঘাট-মিশন মোড় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় সড়কে আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে।
এ ছাড়া আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি-আদিতমারী সড়কেও আগুন জ্বালিয়ে সাময়িক অবরোধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে।
তবে এসব ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে ভিন্ন অবস্থান জানানো হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, ‘আমার লোক মাঠে আছে।’
কেকে/সাশ