কুষ্টিয়া শহরে একটি বাসার সামনে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েছে সে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে পাটিকাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ইমন পাটিকাবাড়ি এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। প্রায় ২০ বছর আগে তার পরিবার কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় বসবাস শুরু করে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টা ১১ মিনিটে শহরের থানাপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। নির্বাচনি পরীক্ষা শেষে বাড়ি ফিরে ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় পেছন থেকে এসে ইমন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হামলায় শিক্ষার্থীর শরীরের অন্তত ছয়টি স্থানে গভীর ক্ষত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
এদিকে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর পৌরসভার পুকুরপাড়, জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ শহরের বিভিন্ন আড্ডাস্থলে অভিযান চালিয়ে এক ঘণ্টার ব্যবধানে ১৪ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/সাশ