শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে বিশেষ প্রযুক্তির সহায়তা নিচ্ছে বিজিবি। এ লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
কেকে/সাশ