রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর আগে জরুরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা মূল্যায়নে বাংলাদেশ সফর করছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ১০ সদস্যের বিশেষজ্ঞ দল।
মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে দলটি গত রোববার (৮ নভেম্বর) থেকে ১০ দিনব্যাপী এ পর্যালোচনা কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ জরুরি প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধিদলটি।
এর আগে ঢাকায় বাংলাদেশ পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে কার্যক্রমের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে রূপপুরে সর্বোচ্চ নিরাপত্তা ও কার্যকর জরুরি সাড়াদান ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিশেষজ্ঞ দলের মূল্যায়নে দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় উন্নয়নের সুযোগ তৈরি হবে।
পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, বিশেষজ্ঞ দলটি প্রকল্প এলাকা পরিদর্শন করে মাঠপর্যায়ের প্রস্তুতি ও অগ্রগতি যাচাই করবে। তবে বিদ্যুৎকেন্দ্রের বাইরের এলাকায় জরুরি প্রস্তুতির কিছু ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তিনি। এসব ব্যবস্থা উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান।
এদিকে, কেন্দ্রের ভেতরে কর্মীদের নিরাপত্তায় ইতোমধ্যে তিনটি জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব কেন্দ্রে একসঙ্গে ২ হাজার ৪০০ কর্মীর আশ্রয়ের ব্যবস্থা রয়েছে। জরুরি চলাচলের সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ সম্পন্ন হলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তার মানদণ্ড অনুসরণ করে কেন্দ্রটির সার্বিক জরুরি প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কেকে/ এসএমএন