চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মধ্যরাতে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও লাগানো হয়। একই রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে তালা লাগানো ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তালাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ফটিকছড়ি সরকারি কলেজ, ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর সৈয়দ-সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে কয়েকজন ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল পেঁচিয়ে তালা লাগান। এ সময় ফটকে ‘ধর্মঘট’ লেখা পোস্টারও সাঁটানো হয়। একটি ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে তালা লাগাতে দেখা গেছে। তিনি ছাত্রলীগকর্মী মুরাদ মাহমুদ বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার ভোরে গহিরা-ফটিকছড়ি সড়কের লেলাং চাড়ালিয়াহাট মোড়ে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক সাফরাজ খান মিরাজ। অন্যদিকে ছাত্রলীগকর্মী আজগর পারভেজের নেতৃত্বে ভূজপুর-কাজিরহাট সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকাতেও মিনহাজ নামের এক ছাত্রলীগকর্মীর নেতৃত্বে মিছিলের খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কে এফ সাইমুন। তিনি বলেন, পুলিশের উপস্থিতি ও নজরদারির মধ্যেই চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এর দায় প্রশাসন এড়াতে পারে না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। অবরোধ কর্মসূচি পালন করতে চাইলে সড়কে তা করা যেতে পারে, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার প্রয়োজন নেই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
কেকে/সাশ