রাজশাহীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মো. সাইফুল আলম ড্যানিকে (৩৫) ঢাকায় গ্রেপ্তার করেছে এসআরবি।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর ভাটারা থানার মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানি ও এসআরবি-১-এর উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এসআরবি-৫-এর রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে মো. জাহিদ হাসানের (৪৮) ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে ড্যানিসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত জাহিদ মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি।
এ ঘটনায় জাহিদের স্ত্রী বাদী হয়ে ৮ নভেম্বর বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। ড্যানি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে ড্যানি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেকে/ এসএমএন