ঢাকার ধামরাইয়ে পাঁচ দিনের ব্যবধানে চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ধারাবাহিক এসব ঘটনায় বাস মালিকদের পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে এবং আদলতে পাঠায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সুতিপাড়া ইউনিয়নের বাথুলী এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার মৃত হযরত আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের ঈমান গাঙ্গাইল এলাকার মৃত জাফর আলীর ছেলে মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের চরখুন্ড এলাকার আজিজুল হকের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মাসুদুর রহমান (৬০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে রাত ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুনে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে উদ্ধার করা সম্ভব হয়েছে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
এর আগে গত রোববার ভোররাতে উপজেলার শরীফবাগ এলাকার আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটি একটি পোশাক কারখানার কর্মীদের যাতায়াতে ব্যবহৃত হতো। এরও আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতের জন্য রাখা পাভেল পরিবহনের একটি বাস এবং শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে।
এভাবে কয়েক দিনের ব্যবধানে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসগুলোর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে বাস মালিকদের আগেই সতর্ক করা হয়েছিল। বাসগুলো নিরাপদ স্থানে রাখার পাশাপাশি পাহারার ব্যবস্থাও করতে বলা হয়েছিল। এসব অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক নাশকতা, নাকি ব্যক্তিগত বিরোধ রয়েছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
ওসি আরও বলেন, চারটি ঘটনার মধ্যে দুটি ঘটনায় বাস মালিকেরা বাদী হয়ে পৃথক মামলা করেছেন। এসব মামলায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/ এসএমএন