জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও এক পিস ইয়াবাসহ মো. আকাশ মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। মাদক সেবন ও বহনের দায়ে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত আকাশ মিয়া বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেকে/ এসএমএন