গত কয়েক দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের যে ধারাবাহিক ঘটনা ঘটছে, তা নাগরিক জীবনে গভীর উদ্বেগ তৈরি করেছে। গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রোববার (৮ নভেম্বর) পর্যন্ত খিলগাঁও, আদাবর, শাহবাগ, বিমানবন্দর, মিরপুর, মালিবাগ ও পল্লবীতে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর ও নীলক্ষেত এলাকাও রেহাই পায়নি। ভাটারায় স্কুলবাসে এবং বারিধারায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
চট্টগ্রামের কালুরঘাটেও একটি বাসে আগুন লেগেছে। সৌভাগ্যক্রমে এসব ঘটনায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি। কিন্তু প্রাণহানি না ঘটা মানেই ঝুঁকি কম, এমন ভাবার সুযোগ নেই। ঘটনাগুলোর ধরন লক্ষ করলে একটি প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে। বিস্ফোরণের লক্ষ্য মূলত থানা, পুলিশের গাড়ি, সিআইডি ও এসবির কার্যালয় এবং আনসার সদর দপ্তরের মতো রাষ্ট্রীয় স্থাপনা।
অনেক ক্ষেত্রে মোটরসাইকেলে এসে, নম্বরপ্লেট ছাড়া বা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যাওয়া যায়। ডিএমপি বলছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতাই এর উদ্দেশ্য। পুলিশের এই মূল্যায়ন ফেলে দেওয়ার মতো নয়। তবে মনে রাখতে হবে, নাশকতার উদ্দেশ্য থাকা এক কথা, আর কারা এর পেছনে, তা প্রমাণ করা আরেক কথা।
ডিসেম্বরকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীলতা তৈরি করছে, এমন ধারণা অনেকের মধ্যে রয়েছে। ডিএমপির ভাষ্য অনুযায়ী গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যও আছেন। তবু প্রমাণ ও তদন্তের আগে কোনো গোষ্ঠীকে দায়ী করা হলে দুটি ঝুঁকি তৈরি হয়। প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যেতে পারে, আবার নিরীহ মানুষ হয়রানির শিকার হতে পারে। সন্দেহ নয়, প্রমাণই হওয়া উচিত রাষ্ট্রের একমাত্র ভিত্তি। এই পরিস্থিতিতে গুজবের ভূমিকাও কম নয়।
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবরে আতঙ্ক ছড়ালেও পুলিশ সেখানে বিস্ফোরণের কোনো আলামত পায়নি। তাদের ধারণা, পটকা ফাটানো হয়েছিল। কালুরঘাটে বাসটি পরিত্যক্ত ছিল এবং সেখানে মাদকসেবীদের আড্ডা বসত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অর্থাৎ প্রতিটি ঘটনাকে এক সুতায় গাঁথলে বাস্তব পরিস্থিতিকে ধরা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে সত্য-মিথ্যার ব্যবধান মুছে যায়, আর আতঙ্ক ছড়ানোই যাদের লক্ষ্য, তারা সেই সুযোগ কাজে লাগায়। এ অবস্থায় সরকারের কিছু জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি। মালিবাগ, পল্লবী, ঢাবি ও ভাটারার ঘটনাগুলোর তদন্তের অগ্রগতি জনসমক্ষে নিয়মিত জানাতে হবে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেলের উৎস ও আরোহীদের শনাক্ত করা জরুরি। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রমাণসহ মামলা দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
থানা, সরকারি কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিসিটিভি, টহল ও পিকেট বাড়াতে হবে। রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাস ও পরিত্যক্ত যানবাহন নিয়ে পরিবহন মালিক, ডিপো কর্তৃপক্ষ ও পুলিশের সমন্বিত ব্যবস্থা থাকা দরকার। পরিত্যক্ত যানবাহন সরিয়ে ফেলাও এর অংশ। প্রতিটি ঘটনার সঠিক তথ্য পুলিশ ও প্রশাসনকে দ্রুত ও নিয়মিত জানাতে হবে।
চট্টগ্রামের ঘটনায় পুলিশ যেভাবে আলামত না পাওয়ার কথা জানিয়েছে, তা প্রশংসনীয় দৃষ্টান্ত। ভুয়া ভিডিও ও উসকানিমূলক প্রচারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তবে মতপ্রকাশের স্বাধীনতা যেন ক্ষুণ্ন না হয়। নাশকতা দমনের নামে বিনা প্রমাণে গ্রেপ্তার, হয়রানি বা বিরোধী মতের মানুষকে ফাঁসানোর সুযোগ বন্ধ করতে হবে। বাহিনীর অভিযানের ওপর স্বাধীন তদারকি থাকা বাঞ্ছনীয়। সরকার যদি দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে পারে, তবে জনগণের আস্থা ফিরবে। আর সেটিই হবে নাশকতার সবচেয়ে কার্যকর জবাব।
কেকে/সাশ