মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করার পরামর্শ দিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকারের কাছে আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে তাঁর জন্য সঠিক পথ।
পাসপোর্ট আইনের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট জব্দ করার বিধানও রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। ফলে পাসপোর্ট কর্তৃপক্ষের তাঁকে নতুন পাসপোর্ট দেওয়ার আইনগত এখতিয়ার নেই। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়ার সঙ্গে উপহাসের শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।
চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা মামলার মুখোমুখি হননি। রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। তার ভাষ্য অনুযায়ী, নির্ধারিত ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আপিল করার সুযোগ থাকলেও তিনি তা করেননি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাকে ঘিরে হঠাৎ দেশে প্রবেশ কিংবা পদ্মা সেতু দিয়ে বিপুলসংখ্যক গাড়ি নিয়ে ফেরার মতো নানা বক্তব্য ছড়ানো হচ্ছে। এসব বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলার মোকাবিলা করতে পারতেন। একইভাবে রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আপিল করার সুযোগও ছিল।
কেকে/সাশ