মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণা, পাঁচ থেকে সাত দিন আগে তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের মনোয়ারা কমপ্লেক্সের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেরাজুল ইসলাম জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে সাত দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেকে/ এসএমএন