মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      
দেশজুড়ে
যুবসমাজকে খেলার মাঠমুখী করতে হবে: শেখ হাফিজুর রহমান
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুবসমাজকে মাদক, জুয়া ও অনলাইন বেটিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলার মাঠমুখী করতে হবে বলে জানিয়েছেন দিনাজপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শেখ হাফিজুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টায় দিনাজপুরের খানসামা উপজেলার ৫ নম্বর ভাবকী ইউনিয়নের আত্রাই আশারভাঙ্গা ঐতিহ্যবাহী মাঠে ‘চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
 
জানা যায়, আত্রাই আশারভাঙ্গা মানব উন্নয়ন যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রানীরবন্দর ফুটবল একাডেমি ও এ আর রহমান ফুটবল একাডেমি, নীলফামারী। স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার আয়োজনের মধ্য দিয়ে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করার উদ্যোগ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
প্রধান অতিথির বক্তব্যে শেখ হাফিজুর রহমান বলেন, একসময় গ্রামবাংলার মাঠগুলোতে নিয়মিত ফুটবলসহ নানা ধরনের খেলাধুলা হতো। বিকাল হলেই গ্রামের তরুণ ও যুবকেরা মাঠে খেলতে নামতেন। খেলাধুলা ছিল গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু সময়ের পরিবর্তনে অনেক জায়গায় সেই চিত্র বদলে গেছে। মাঠে খেলাধুলার আয়োজন কমে যাওয়ায় তরুণদের একটি অংশ বিভিন্ন অনলাইন আসক্তি ও অসামাজিক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। এ অবস্থা থেকে উত্তরণে স্থানীয়ভাবে খেলাধুলার আয়োজন বাড়ানো প্রয়োজন। 
 
তিনি বলেন, মাদক, জুয়া, অনলাইন বেটিং, ইভটিজিং ও অশ্লীলতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু সচেতনতামূলক বক্তব্য দিলেই হবে না; তাদের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। তরুণদের হাতে খেলার সামগ্রী তুলে দিতে হবে এবং মাঠে আসার মতো পরিবেশ গড়ে তুলতে হবে। খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখে। 
 
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, প্রায় এক মাস আগে তিনি ইউনিয়ন পরিষদ পরিদর্শনে এসেছিলেন। সে সময় এলাকার বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন এলাকায় বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কথা জানান। তখন তিনি চেয়ারম্যানকে এক মাসের মধ্যে একটি খেলার আয়োজন করার পরামর্শ দেন। সেই পরামর্শের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। 
 
শেখ হাফিজুর রহমান আরও বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে। একটি টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর মাধ্যমে বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে পরিচিতি, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক তৈরি হয়। তাই এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। আয়োজক, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 
যুবসমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়া উপকরণ দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধান অতিথি। তবে এ সহযোগিতার পাশাপাশি তরুণদের মাদক, বাল্যবিবাহ ও অনলাইন বেটিং থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক ব্যবহারের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তার মতে, তরুণদের সময় ও মনোযোগ ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে সমাজে মাদকসহ নানা সামাজিক সমস্যার ঝুঁকি কমানো সম্ভব। 
 
অনুষ্ঠানের একপর্যায়ে তিনি আয়োজক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ সংশ্লিষ্টদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে উপস্থিত দর্শক ও অতিথিদের আয়োজকদের উৎসাহিত করার আহ্বান জানান। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন। 
 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার, খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরকার। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 
 
আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ পর্যায়ে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করা এবং বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে। 
 
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটিয়ে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার যে আহ্বান প্রধান অতিথি জানিয়েছেন, চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন সেই লক্ষ্য বাস্তবায়নে একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। 
 
কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close