চট্টগ্রামের ফটিকছড়িতে রুজি আক্তার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহনগর এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন ওমানে অবস্থানের পর দেশে ফিরে নাম পরিবর্তন করে মো. আজম পরিচয়ে বসবাস করছিলেন তিনি।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে রুজি আক্তারের মরদেহ তার বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে ধর্ষণের পর তাকে হত্যার বিষয়টি উঠে আসে। এ ঘটনায় তার ভাই মো. আবু তাহের মামলা করেন। তদন্তে নাছিরসহ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে হত্যা মামলায় নাছিরের যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ২২ বছর ধরে পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নাছিরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেকে/ এসএমএন