যশোরের কেশবপুর প্রেসক্লাব দখলমুক্ত ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন প্রেসক্লাবের নেতারা।
মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে তারা এ স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, ১৯৭৮ সাল থেকে গঠনতন্ত্র অনুযায়ী প্রেসক্লাব পরিচালিত হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর দ্বিবার্ষিক নির্বাচন বানচাল ও ভবন দখলের উদ্দেশ্যে ৫০ থেকে ৬০ জনের একটি দল প্রেসক্লাবে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে সাংবাদিকদের মারধর করে ভবন থেকে বের করে দেয়। এতে জয়দেব চক্রবর্তী, আব্দুল্লাহ আল ফুয়াদ, মেহেদী হাসান জাহিদ, আশরাফ উজ জামান খান, মোতাহার হোসাইন ও দিলীপ মোদক আহত হন। তাদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হন এবং দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, এ ঘটনায় ২২ সেপ্টেম্বর থানায় অভিযোগ দেওয়া হলেও কোনো সুরাহা হয়নি। পরে ১৩ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে জয়দেব চক্রবর্তী সভাপতি ও রুহুল কুদ্দুস সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের কমিটি নির্বাচিত হন।
স্মারকলিপি প্রদানকালে প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মশিয়ার রহমান ও মেহেদী হাসান জাহিদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন