কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের পুরান থানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রথখোলা এলাকায় গিয়ে শেষ হয়।
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজিবের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা ধোলাই কর’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় তাঁদের।
মিছিল শেষে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজিব বলেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন নৈরাজ্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তারা এখনো পলাতক ফ্যাসিস্টদের জন্য স্বপ্ন দেখছে। তবে তাদের সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
তিনি বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। কোনো গোষ্ঠী বা সংগঠন পরিকল্পিতভাবে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।
জাকির হোসেন রাজিব আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ কোনো অবস্থাতেই বিনষ্ট হতে দেওয়া হবে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শক্ত হাতে প্রতিহত করবে ছাত্রদল।
এ ক্ষেত্রে দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কেকে/ এমএস