ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভাবমূর্তি ও স্বচ্ছতা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইন মেনে চলার নির্দেশনা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রশাসক নগরবাসীর সেবা নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আইন ও বিধিমালার পরিপন্থী কোনো কাজ সহ্য করা হবে না।
প্রশাসক বলেন, ‘সিটি করপোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে নগরবাসীর সেবা প্রদানই আমাদের প্রধান কাজ। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন সেবা নিতে এসে যে অনীহা বা অস্বস্তির মুখোমুখি হতো, তা দূর করে আমরা একটি স্বচ্ছ ও জবাদহিমূল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছি।’
কর্মচারীদের অভ্যন্তরীণ তথ্য ফাঁস ও শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘অফিসের গোপনীয় তথ্য ও আদেশ বাইরে পাঠাবার মতো অপকর্ম কোনোভাবেই বরদাশত করা হবে না। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত চলছে এবং সত্যতা নিশ্চিত হলে কঠোর আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঠিকাদারদের কাজের গুণগত মান এবং সরকারি বিধি অনুসরণের বিষয়ে প্রশাসক বলেন, ‘যাদের ক্ষেত্রে যৌক্তিক এবং বিধিসম্মত বিষয় থাকবে, তাদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে অসৎ ও মানহীন ঠিকাদারদের জন্য করপোরেশনের দরজা বন্ধ থাকবে। বেআইনি কোনো দাবির সুযোগ নেই।’
রাজনীতি ও জাতীয় প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক ধারা বজায় রেখে দেশে সুস্থ ও ইতিবাচক রাজনীতির চর্চা হওয়া প্রয়োজন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্মরণ করে তিনি বলেন, ‘আমরা যা বলব, তা বাস্তবে রূপায়ণ করাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। মুখে নীতি কথা বলে কাজে ভিন্নতা রাখলে আদর্শ বাস্তবায়ন হয় না।’
তিনি জানান, শ্রমিক ও কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
তবে সকলকে নিজস্ব নিয়ম ও সীমার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রশাসক।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের প্রতিনিধি এবং জাতীয়তাবাদী শ্রমিক দল ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এমএ