মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের চৌমুহনা চত্বরে এই বিক্ষোভ শুরু হয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই যোদ্ধারা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ থেকে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টে ওঠেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় রাধানগর এলাকায় তাদের পথরোধ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক হাসিবকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং কুশল বিনিময়ের ভান করে হঠাৎ তার ওপর চড়াও হন। পরিস্থিতি বেগতিক দেখে হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে আত্মরক্ষা করেন। ভিডিওর শেষাংশে হামলাকারীর হাতে চাপাতির মতো ধারালো অস্ত্র থাকার বিষয়টি স্পষ্ট হয়।
হামলার পর হাসিব পুনরায় রিসোর্টে ফিরে এলে রিসোর্ট কর্তৃপক্ষ তার হাতে ব্যান্ডেজ করে প্রাথমিক রক্তপাত বন্ধের ব্যবস্থা করে। পরবর্তীতে তিনি নিরাপদে শ্রীমঙ্গল ত্যাগ করেন।
ঘটনার নিন্দা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বলেন, ‘হাসিব আল ইসলাম স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে বেড়াতে এসেছিলেন। ফেরার পথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। পর্যটননগরী শ্রীমঙ্গলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও জানান, হাসিব ফিরে আসার পর এ ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এই আকস্মিক হামলায় শ্রীমঙ্গলের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এনসিপির নেতাকর্মীরা একে একটি সুপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে আখ্যায়িত করেছেন।
কেকে/ এমএস