নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৬টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের নের্তৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে সংক্ষিপ্ত পথসভা করে।
সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, আতিয়ার শিকদার আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন।
বক্তারা বলেন, ‘শান্তিপূর্ণ রাজবাড়ীতে অস্থিরতা তৈরির চেষ্টা করলে ছাত্রদল তাদের শক্ত হাতে প্রতিহত করবে। ছাত্রদল রাজপথে ছিল, আছে এবং থাকবে।’
তারা আরও বলেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার, বাক-স্বাধীনতা ফিরিয়ে আনা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে ১৭ বছর রাজপথে থেকে ছাত্রদল আন্দোলন সংগ্রাম করেছে। ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে এখন আবার দিবাস্বপ্ন দেখছেন, যা সফল হবে না। কিছু আওয়ামী লীগ নেতাকর্মী সুশীল লেবাজ ধরে এখন নির্বাচন করার পাঁয়তারা করছে। এদের চিহিৃত করে আইনের আওতায় আনতে হবে।’
কেকে/এমএ