তুরস্কের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে হয়েছে। এ সময় এরদোয়ান প্রধানমন্ত্রীকে ‘মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
হুমায়ুন কবীর বলেন, বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ আলোচনা করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনা ও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে।
জ্বালানি খাতে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে মতবিনিময় করেছে। চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর যৌথ উদ্যোগ কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে উঠে আসে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে চায়। কপ-৩১ সম্মেলনের বিভিন্ন অধিবেশন ও সংলাপে বাংলাদেশের প্রতিনিধিরা এসব বিষয়ে দেশের অবস্থান তুলে ধরবেন।
তিনি আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর পরদিন বুধবারও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
কেকে/সাশ