বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● থামছেই না শিশুমৃত্যুর মিছিল, হামে আরও পাঁচ প্রাণহানি      ● মানহীন বিশ্ববিদ্যালয়ের কারণে বাড়ছে উচ্চশিক্ষিত বেকার: রাষ্ট্রপতি      
জাতীয়
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান তারেক রহমানের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৭ এএম আপডেট: ১১.১১.২০২৬ ৯:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে জানান, রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অব্যাহত সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রতিরক্ষা ও বাণিজ্যে সহযোগিতা

প্রধানমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। এ খাতে যৌথ বিনিয়োগের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জলবায়ু সহযোগিতায় গুরুত্ব

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তারেক রহমান। এ সংকট মোকাবিলায় কার্যকর অংশীদারত্ব ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বৈঠকের শুরুতে গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ স্মরণ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ ছাড়া সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।


সূত্র: বাসস

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা প্রত্যাবাসন   তুরস্কের সমর্থন   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close