গ্রিস থেকে বাংলাদেশ ও পাকিস্তানের ৫০ জন অনিয়মিত অভিবাসীকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। তাদের মধ্যে রয়েছেন ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে গ্রিসের অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসার পর শুরু হয় তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমা ইংলিশের মঙ্গলবারের (১০ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, গত জুনে ওই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। এতে তিনি গ্রিসের নাফপ্লিও এলাকায় কাজের সুযোগের কথা জানান। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন সেখানে থাকা সম্ভব এবং পুলিশি তল্লাশি বা বহিষ্কারের ভয় নেই বলেও দাবি করেন।
বিষয়টি দেশটির অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানোস প্লেভরিসের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই তরুণকে শনাক্ত করে। এরপর তার বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তার তৃতীয় আশ্রয় আবেদনও প্রত্যাখ্যান করা হয়। পরবর্তী সময়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) আইনজীবীরা তার পক্ষে আইনি পদক্ষেপ নিয়েছিলেন।
১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ৫০ জনকে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী থানোস প্লেভরিস। তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নিয়ে বিশেষ চার্টার্ড ফ্লাইটে ওই বাংলাদেশি তরুণকেও ফেরত পাঠানো হয়েছে।
মন্ত্রী দাবি করেন, ওই তরুণের কর্মকাণ্ড অভিবাসন-সংক্রান্ত অপরাধী চক্রকে সহায়তা করছিল। আইনি প্রক্রিয়ায় বিলম্ব হলেও শেষ পর্যন্ত প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
কেকে/সাশ