চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় রাসেল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সন্তোসপুর ইকো পার্কের কাছে সন্তোসপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে কয়েকজন স্থানীয় ব্যক্তি কাজের উদ্দেশ্যে মাঠে যাওয়ার সময় সন্তোসপুর ইকো পার্কের কাছে সড়কের পাশের একটি খাদে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে নীল রঙের আরটিআর ১৫০ সিসির একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।
একতারপুর বাওড়ের নৈশপ্রহরী বুলু বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি বিকট শব্দ শুনতে পান। আশপাশে আলো ফেলে খোঁজাখুঁজি করেও কিছু দেখতে পাননি। ওই সময় কোনো বড় গাড়ি চলাচল করতেও দেখেননি। সকালে জানতে পারি গাছের সঙ্গে ধাক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে।’
নিহতের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করত। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোসপুর পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সারা রাত তার মোবাইল ফোনে একাধিকবার কল করেও কোনো সাড়া পাইনি। সকালে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।’
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সন্তোসপুর ইকো পার্কের কাছে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালকের মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
কেকে/ এসএমএন