টাঙ্গাইলের ধনবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে আব্দুল খালেক নামে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মোটরসাইকেল, ফ্রিজ, খাট, ল্যাপটপসহ ঘরের সব মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াজান ইউনিয়নের বিলকুকরী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধনবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য পারুল আক্তার জানান, ‘সকালে ঘুম থেকে উঠে ঘরের ভেতর পোড়া গন্ধ পাই। পরে ঘরের চালার দিকে তাকিয়ে দেখি, আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। এ সময় কোনো রকমে ছোট সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পাই। তবে ঘরের ভেতরে থাকা মোটরসাইকেল, ফ্রিজ, খাট, ল্যাপটপসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। আগুনে আমাদের পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করছি।’
ঘরের মালিক কৃষক আব্দুল খালেক জানান, ‘আগুনে বসতঘরসহ ভেতরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার মতো আর্থিক সামর্থ্য আমার নেই। সরকারি সহায়তা ছাড়া নতুন করে ঘুরে দাঁড়ানো আমার পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নায়েমা তাবাছুম শাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানান, ‘খবর পাওয়ার পরপরই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে শুকনো খাবার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া পরিবারটিকে সরকারি নিয়ম অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।’
কেকে/ এসএমএন