মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে এসব বস্তু উদ্ধার করা হয়। প্রতিটির সঙ্গে হাতে লেখা ‘জয় বাংলা’ সংবলিত চিরকুট পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে যাওয়ার সময় নিজের বাড়ির গেটে লাল টেপে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন। বস্তুটির সঙ্গে ‘জয় বাংলা’ লেখা একটি কাগজও মোড়ানো ছিল।
তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রাখা হয়েছে। কে বা কারা এসব বস্তু সেখানে রেখে গেছে, তা জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তিন পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’
কেকে/ এসএমএন