বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে শ্রেণিকক্ষে আলুর স্তুপ, ব্যাহত হচ্ছে পাঠদান
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলু সংরক্ষণ ও শুকানোর কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে। এতে গত এক সপ্তাহ ধরে একটি শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেও ক্লাস করতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।

বুধবার (১১ নভেম্বর) উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এ পরিস্থিতির দেখা মেলে। 

এ ঘটনায় শ্রেণিকক্ষে আলু ছড়িয়ে রেখে বৈদ্যুতিক পাখা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলামের অনুমতি নিয়েই নৈশপ্রহরী ওই শ্রেণিকক্ষ ব্যবহার করেছেন। অথচ শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিদিন বিদ্যালয়ে এসেও অনেক শিক্ষার্থী ক্লাস না করেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কালিপূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকলেও মাঠসংলগ্ন ভবনের একটি পাকা শ্রেণিকক্ষের মেঝেতে আলু ছড়িয়ে রাখা হয়েছে। ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখা চলার শব্দ শোনা যাচ্ছিল। কিছু আলু আবার বস্তায় ভরে রাখা হয়েছে। শ্রেণিকক্ষের বেঞ্চ, হাই বেঞ্চ এবং শিক্ষকের টেবিল-চেয়ার একপাশে সরিয়ে রাখা হয়েছে। দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে ভেতরের এসব দৃশ্য দেখা যায়। আলু রাখার কারণে কক্ষটি পাঠদানের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যক্তিগত কাজে ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ওই নৈশপ্রহরী বিদ্যালয়ের কক্ষে ধান রেখেছিলেন। বিভিন্ন মৌসুমে ফসল সংরক্ষণের জন্য তিনি বিদ্যালয়ের কক্ষগুলো ব্যবহার করেন। কখনো কখনো মাসের পর মাস এসব কক্ষ নিজের বাড়ির মতো ব্যবহার করেন। এবার আলু রাখায় নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী সোমাইয়া খাতুন বলে, ‘আমরা স্কুলে আসি, কিন্তু ক্লাস হয় না। হাজিরা দিয়ে বাজারের মধ্যে হৈচৈ করি। দুপুর হলে বাড়ি ফিরে যাই।’

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, ‘কার অনুমতি নিয়ে নৈশপ্রহরী শ্রেণিকক্ষে আলু রেখেছেন এবং ফ্যান চালিয়ে সেগুলো শুকিয়েছেন, তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে না। তারা বিদ্যালয়ে এসে ঘুরে চলে যাচ্ছে। প্রধান শিক্ষক এ বিষয়ে কিছু বলেন না। আমাদেরই বা কী করার আছে?’

অভিযোগের বিষয়ে নৈশপ্রহরী আব্দুল হামিদ বলেন, ‘আমার বাড়িতে জায়গা না থাকায় আলুগুলো স্কুলের ঘরে রেখেছিলাম। প্রধান শিক্ষককে বলেই আলু রেখেছি। এক দিন পর সেগুলো নিয়ে গেছি।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ রবিউল ইসলাম বলেন, ‘আসলে কী বলব, আমাকে না বলেই সে বন্ধের দিনে ওই ঘরে আলু রেখেছে। পরদিন সে আলুগুলো নিয়ে গেছে। ফ্যান চালানোর বিষয়টি আমার জানা নেই।’

এ বিষয়ে কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মোর্শেদা খাতুনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ফেসবুকে ভিডিও ছড়ানোর বিষয়টি আমার জানা নেই। তবে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কেকে/ এসএমএন  


আরও সংবাদ   বিষয়:  কালাইয়   শ্রেণিকক্ষ   আলুর স্তুপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close