গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তা কোনোভাবেই বিচ্ছিন্ন বা সাধারণ অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়ানোর, রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে দেওয়ার এবং জনজীবনকে অনিরাপদ করে তোলার সুপরিকল্পিত চেষ্টা। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ তৎপরতা এখন সময়ের দাবি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছোড়া হয়। বনানী থানার ওসির বক্তব্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই যুবক এ কাজ করেন। সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়, তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়েছে। প্রায় একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরিত হয়, মিরপুরে সরকারি বাঙলা কলেজের ফটকের সামনে বিস্ফোরণের পর কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর আগের রাতে তেজগাঁওয়ে সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। একদিনে রাজধানীর এতগুলো গুরুত্বপূর্ণ স্থানে হামলার ধরন প্রমাণ করে, এর পেছনে সমন্বয় ও পরিকল্পনা থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
সৌভাগ্যক্রমে এসব ঘটনায় এখনো বড় ধরনের প্রাণহানি ঘটেনি। কিন্তু এটিকে স্বস্তির কারণ ভাবলে ভুল হবে। ককটেল বা বোমা কোথায় পড়বে, কে আহত হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। রাস্তার পথচারী, শিক্ষার্থী, দোকানদার কিংবা বাসযাত্রী যে কেউ নিরপরাধ হয়েও এর শিকার হতে পারেন। বাসে আগুন দেওয়ার মতো ঘটনা তো সরাসরি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে। পুড়ে যাওয়া দোকান একজন ক্ষুদ্র ব্যবসায়ীর সারা জীবনের সঞ্চয় নিঃশেষ করে দেয়। এর ক্ষতি শুধু সম্পদের নয়, মানুষের নিরাপত্তাবোধ ও আস্থারও।
পুলিশ ইতোমধ্যে কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করেছে এবং মামলা হয়েছে, এটি ইতিবাচক। তবে কেবল মাঠপর্যায়ের কয়েকজনকে ধরলেই এ সমস্যার সমাধান হবে না। এসব ঘটনার পেছনে কারা অর্থ জোগান দিচ্ছে, কারা নির্দেশনা দিচ্ছে এবং কারা এই নাশকতার নেপথ্য পরিকল্পনাকারী, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনাই হবে প্রকৃত চ্যালেঞ্জ। ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে পুরো নেটওয়ার্কটি উন্মোচন করতে হবে। একই সঙ্গে ঢাবির প্রক্টর যেমন জানিয়েছেন, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেলেও তাতে মারাত্মক বিস্ফোরক ছিল না, এমন তথ্যের সঠিক যাচাই জরুরি। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া বা সদৃশ বস্তু ব্যবহারও গুরুতর অপরাধ এবং তা একইভাবে বিবেচনায় নিতে হবে।
নিরাপত্তা জোরদারের পাশাপাশি আইনি প্রক্রিয়ার স্বচ্ছতাও নিশ্চিত করা প্রয়োজন। নাশকতার নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, আবার প্রকৃত অপরাধীরা যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাবের আড়ালে পার না পায়, এ দুইয়ের ভারসাম্য রক্ষা করাই রাষ্ট্রের দায়িত্ব। আদালতের সামনে, বিশ্ববিদ্যালয় ও কলেজের মতো স্থানে হামলা বিশেষভাবে উদ্বেগজনক। এসব স্থানের নিরাপত্তা বাড়াতে হবে, গুরুত্বপূর্ণ সড়ক ও উড়ালসড়কে নজরদারি ও টহল জোরদার করতে হবে।
রাজনৈতিক দলগুলোর দায়ও এখানে কম নয়। মতভেদ ও রাজনৈতিক কর্মসূচি গণতন্ত্রেরই অংশ, কিন্তু সহিংসতা ও অগ্নিসংযোগ কোনো গণতান্ত্রিক চর্চা হতে পারে না। সব দলকে স্পষ্ট ভাষায় এসব নাশকতার নিন্দা জানাতে হবে এবং নিজেদের নেতাকর্মীরা যাতে এমন কাজে জড়িত না হন, তা নিশ্চিত করতে হবে। নাশকতাকারীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সংস্কৃতির অবসান না হলে এ সংকট বারবার ফিরে আসবে।
সবশেষে বলা দরকার, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম দায়িত্ব। আগুন-সন্ত্রাসের এই ধারা এখনই থামাতে না পারলে এর মূল্য দিতে হবে পুরো সমাজকে। তাই সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব, সবাইকে একযোগে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। মানুষ নিরাপদে পথ চলতে চায়, শিক্ষার্থীরা নির্ভয়ে ক্লাসে যেতে চায়, ব্যবসায়ীরা শঙ্কাহীনভাবে দোকান খুলতে চায়। এই মৌলিক চাওয়া পূরণে আর বিলম্ব করার অবকাশ নেই।
কেকে/সাশ