মানুষের সভ্যতা যতবার নিরাপত্তার প্রাচীর নির্মাণ করেছে, ততবারই সেই প্রাচীরের ছায়ায় জন্ম নিয়েছে নতুন কোনো অনিশ্চয়তা। মানুষের ইতিহাসে আশ্রয় ও আধিপত্যের মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্ব রয়েছে। যেখানে মানুষ বিপন্ন জীবন নিয়ে নিরাপত্তা খুঁজতে আসে, সেখানেও কখনো কখনো ক্ষমতার অদৃশ্য প্রতিযোগিতা তার বেঁচে থাকার অধিকারকে সংকুচিত করে। কারণ মানুষের দুর্বলতা কেবল সহমর্মিতার জন্ম দেয় না, স্বার্থান্বেষী শক্তির কাছে তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগও হয়ে ওঠে। তখন আশ্রয়ের ভূগোল বদলে যেতে থাকে ক্ষমতার ভূগোলে; মানবিকতার জন্য নির্মিত পরিসরে জায়গা করে নেয় ভয়, অবিশ্বাস ও অবৈধ কর্তৃত্ব।
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির ঘিরে মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং সশস্ত্র অপরাধী নেটওয়ার্কের বিস্তারকে এই গভীরতর বাস্তবতার বাইরে রেখে বোঝার সুযোগ নেই। এটি একটি শরণার্থী সংকটের নিরাপত্তাগত পরিণতির পাশাপাশি রাষ্ট্র, সমাজ ও মানবিক মূল্যবোধের জন্যও এক কঠিন পরীক্ষা।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। সময়ের হিসাবে এই বাস্তুচ্যুতির নবম বছর অতিক্রান্ত হচ্ছে। অথচ তাদের নিজ দেশে ফেরার মতো নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ এখনো তৈরি হয়নি। জাতিসংঘের ২০ মে ২০২৬ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। ২০২৪ সালের শুরু থেকে নতুন করে প্রায় দেড় লাখ মানুষের আগমন ঘটেছে। একই বছরের জন্য জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো ১৫ লাখ ৬০ হাজার শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ৭১০.৫ মিলিয়ন ডলারের আবেদন জানিয়েছে, যা ২০২৫ সালের তুলনায় ২৬ শতাংশ কম। অর্থাৎ সংকটের ব্যাপ্তি বাড়লেও আন্তর্জাতিক সহায়তার সক্ষমতা সংকুচিত হচ্ছে। এই আর্থিক ঘাটতি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার ওপর চাপ সৃষ্টি করছে। দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার সঙ্গে সহায়তার সংকোচন যুক্ত হলে সামাজিক অস্থিরতা এবং অপরাধী গোষ্ঠীর প্রভাব বিস্তারের ঝুঁকিও বাড়তে পারে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতির উদ্বেগজনক দিক হলো, অপরাধের ধরন ক্রমেই সংগঠিত ও সংঘবদ্ধ হয়ে উঠছে। অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের সংঘর্ষ সাধারণ মানুষের জীবনকে অনিরাপদ করে তুলছে। ডেনিশ রিফিউজি কাউন্সিলের ২০২৬ সালের পর্যবেক্ষণ অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৩টি ক্যাম্প ও ভাসানচরে ৪৫৫টি গুরুতর নিরাপত্তা ঘটনা নথিভুক্ত হয়েছে, যাতে ৮৩২ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগের প্রান্তিকের তুলনায় ঘটনা বেড়েছে ৪০ শতাংশ। একই পর্যবেক্ষণে সংগঠিত অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীকে নিরাপত্তা ঘটনার ৫৩ শতাংশের প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই পরিসংখ্যানের অন্তর্নিহিত বার্তা হলো, ক্যাম্পের ভেতরে অপরাধীরা কেবল অপরাধ সংঘটন করছে না, সাধারণ মানুষের জীবনযাপন ও সিদ্ধান্ত গ্রহণের ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এই প্রভাবের পেছনে রয়েছে অবৈধ অর্থের শক্তি। কোনো অপরাধী গোষ্ঠী দীর্ঘদিন অস্ত্রের জোরে টিকে থাকতে পারে না, যদি তার অর্থের উৎস বন্ধ হয়ে যায়। অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অবৈধ লেনদেন থেকে অর্জিত অর্থ তাদের অস্ত্র সংগ্রহ, সদস্য নিয়োগ এবং প্রভাব বিস্তারের সক্ষমতা বাড়াতে পারে। এভাবে অপরাধ নিজেই নিজের অর্থায়নের ব্যবস্থা তৈরি করে। একসময় আইন প্রয়োগের স্বাভাবিক কাঠামোর বাইরে গড়ে ওঠে ভয়ের ওপর প্রতিষ্ঠিত এক ধরনের বিকল্প কর্তৃত্ব। ফলে অপরাধ দমনের প্রশ্নটি কেবল কতজন গ্রেপ্তার হলেন কিংবা কত অস্ত্র উদ্ধার হলো, তার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। অনুসন্ধান করতে হবে কারা অর্থ জোগাচ্ছে, কারা লাভবান হচ্ছে, কোথায় অর্থের লেনদেন হচ্ছে এবং কোন যোগাযোগব্যবস্থা এ অপরাধকে টিকিয়ে রাখছে।
মাদক চোরাচালান এই অবৈধ অর্থনীতির অন্যতম প্রধান জ্বালানি। মিয়ানমারের অস্থিতিশীল সীমান্তাঞ্চল, দুর্গম পাহাড়, নাফ নদী ও উপকূলীয় পথকে ব্যবহার করে মাদক পরিবহনের ঝুঁকি রয়েছে। ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা শুধু জনস্বাস্থ্যের ক্ষতি করছে না, এর অর্থনৈতিক মুনাফা সশস্ত্র অপরাধী নেটওয়ার্ককে শক্তিশালী করার সুযোগও তৈরি করছে। এখানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মাদকের চালান আটক হওয়ার পরও মূল অর্থদাতা ও মুনাফাভোগীরা কেন অনেক ক্ষেত্রে অদৃশ্য থেকে যায়? বাহক গ্রেপ্তারের পাশাপাশি আর্থিক গোয়েন্দা অনুসন্ধান, সন্দেহজনক লেনদেন শনাক্তকরণ, অবৈধ সম্পদ জব্দ এবং সীমান্তের দুই পাশের অপরাধী যোগাযোগের তথ্য সংগ্রহ করতে হবে। অপরাধের দৃশ্যমান বাহককে বিচারের আওতায় আনার পাশাপাশি অদৃশ্য নিয়ন্ত্রকদের শনাক্ত করাই হবে কার্যকর প্রতিরোধের ভিত্তি।
মানব পাচারের ক্ষেত্রে এই অপরাধী অর্থনীতি আরও নিষ্ঠুর রূপ ধারণ করেছে। মানুষের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন, দারিদ্র্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং নিরাপদ জীবনের প্রত্যাশাকে পাচারকারীরা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। নারী ও শিশু যৌন শোষণের ঝুঁকিতে পড়ছে, তরুণদের আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে, অনেককে বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঠেলে দেওয়া হচ্ছে। ২০২৬ সালের ৫ নভেম্বর টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে ৫৭ জন জিম্মিকে উদ্ধারের ঘটনা এই অপরাধের ভয়াবহতা প্রকাশ করেছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছিল। অভিযানের সময় সশস্ত্র পাচারকারীদের গুলিতে সেনাসদস্য মো. তিতাস শেখ গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পাঁচজন সন্দেহভাজনকে আটক করা হয়। এ ঘটনা প্রমাণ করে, মানব পাচার আর সাধারণ প্রতারণার মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে অস্ত্র, জিম্মি নির্যাতন ও সশস্ত্র প্রতিরোধ।
তবে এই বাস্তবতার ব্যাখ্যায় রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অপরাধী গোষ্ঠীকে এক করে দেখার সুযোগ নেই। অপরাধীদের অবৈধ কর্তৃত্বের সবচেয়ে বড় শিকার অনেক সময় সাধারণ রোহিঙ্গারাই। যারা অপহৃত হচ্ছেন, চাঁদা দিতে বাধ্য হচ্ছেন কিংবা সন্তানদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন, তাদেরও নিরাপত্তা ও ন্যায়বিচারের অধিকার রয়েছে। দারিদ্র্য অপরাধের কারণ নয়, কিন্তু দারিদ্র্য, কর্মহীনতা, শিক্ষার সীমাবদ্ধতা ও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তাকে অপরাধীরা নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। তাই শিশুদের শিক্ষার ধারাবাহিকতা, তরুণদের দক্ষতা উন্নয়ন, মানসিক সহায়তা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।
পাশাপাশি অপরাধের তথ্য জানানো ব্যক্তি ও সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে, যাতে ভয়ের সংস্কৃতি ভেঙে আইনের প্রতি মানুষের আস্থা তৈরি হয়।
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় এখন প্রয়োজন প্রতিক্রিয়াশীল অবস্থান থেকে আগাম প্রতিরোধমূলক কৌশলে অগ্রসর হওয়া। ক্যাম্পের প্রবেশপথে নজরদারি কিংবা অপরাধ সংঘটিত হওয়ার পর অভিযান পরিচালনা গুরুত্বপূর্ণ, কিন্তু অপরাধের আর্থিক ও সাংগঠনিক ভিত্তি অক্ষত থাকলে একই চক্র নতুনভাবে সক্রিয় হতে পারে। পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বিত তথ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। সীমান্ত ও উপক‚লে প্রযুক্তিনির্ভর নজরদারি, মাদক ও অস্ত্রের রুট শনাক্তকরণ, অর্থ পাচার প্রতিরোধ এবং অপরাধীদের সহযোগী নেটওয়ার্কের বিরুদ্ধে ধারাবাহিক তদন্ত নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে উখিয়া ও টেকনাফের স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় বিশেষ উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে। আশ্রয়দাতা মানুষের বঞ্চনা দীর্ঘস্থায়ী হলে সামাজিক অসন্তোষ বাড়বে, যা অপরাধী গোষ্ঠীর জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে।
এই সংকটের স্থায়ী সমাধান অবশ্যই মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সঙ্গে যুক্ত। নাগরিক অধিকার, চলাচলের স্বাধীনতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের নিশ্চয়তা ছাড়া প্রত্যাবাসন অর্থবহ হবে না। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে। তবে প্রত্যাবাসনের অপেক্ষায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে অবহেলা করা যাবে না। মানবিক সহায়তা, অপরাধ দমন ও প্রত্যাবাসনের কূটনীতি—এই তিনটি কার্যক্রমকে সমান্তরালে এগিয়ে নিতে হবে।
মানুষের জীবনে সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়তো নিজের ঘর হারানো নয়, হারানোর পরও কোথাও নিরাপদ আশ্রয় খুঁজে না পাওয়া। যে মানুষ একদিন মৃত্যুর মুখ থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে এসেছিল, তার সন্তানের চোখেও যদি আজ ভয় জমে থাকে, তবে বুঝতে হবে তার বাস্তুচ্যুতি এখনো শেষ হয়নি। ভ‚গোল বদলেছে, কিন্তু নিরাপত্তাহীনতার নিয়তি বদলায়নি। একটি শিশুর কাছে পৃথিবী তখনই বাসযোগ্য হয়ে ওঠে, যখন রাতের অন্ধকারে সে অপহরণের ভয় পায় না, একজন মা যখন সন্তানের ফিরে আসার অপেক্ষায় আতঙ্কে দরজার দিকে তাকিয়ে থাকেন না, আর একজন তরুণ যখন অস্ত্রধারীর প্রলোভন প্রত্যাখ্যান করে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার স্বাধীনতা পায়।
বাংলাদেশের মানবিকতার ইতিহাস সেই মানুষগুলোর নিরাপত্তার মধ্য দিয়েই অর্থবহ হয়ে উঠতে পারে। অপরাধের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোরতা প্রয়োজন, কিন্তু সেই কঠোরতা যেন নিরপরাধ মানুষের প্রতি সহমর্মিতাকে গ্রাস না করে। কারণ আশ্রয় দেওয়ার মহত্ত্ব কেবল বিপন্ন মানুষকে সীমান্তের ভেতরে জায়গা করে দেওয়ায় নয়, তার ভয়হীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু রক্ষা করার মধ্যেও নিহিত। শেষ পর্যন্ত ইতিহাস হয়তো মনে রাখবে না কতগুলো আশ্রয়শিবির নির্মিত হয়েছিল; মনে রাখবে, সেখানে আশ্রয় নেওয়া মানুষগুলো কতটা নিরাপদে মানুষ হয়ে বাঁচতে পেরেছিল।
কেকে/সাশ