মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে যান হাসিব আল ইসলাম। এ সময় উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে তার পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল। শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবের নেতৃত্বে ওই দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, হামলাকারীরা হাসিবকে ‘জুলাই জঙ্গি’ বলে গালিগালাজ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় বসে থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তি ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করছেন। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হচ্ছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ জমা দেয়। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা এনসিপির আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়ার পরই রাতে মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।’
কেকে/ এসএমএন