২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের ক্ষমতার অবসান ঘটিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন এবং রাজনৈতিক মহলের সূত্রে জানা গেছে যে, ভারতে স্বেচ্ছা নির্বাসনে থাকা শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। শুধু তাই নয়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তার দেশে ফেরার গুঞ্জন ও পরিকল্পনা রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দণ্ডিত হওয়ার পর বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট মহল পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তিনি সাধারণ কোনো নাগরিক হিসেবে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাবেন না; বরং দ্বিপক্ষীয় বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করতে হবে। এই জটিল ও বহুমাত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সরকার এবং নীতিনির্ধারকদের ভূমিকা কী হওয়া উচিত, তা নিয়ে শুরু হয়েছে গভীর ভূরাজনৈতিক ও আইনি বিশ্লেষণ।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার এই ঘটনাটিকে বিশ্লেষকরা বহুমুখী কৌশল হিসেবে দেখছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর তার সমস্ত কূটনৈতিক ও সাধারণ পাসপোর্ট বাতিল করা হয়েছিল এবং এনআইডি স্থগিত বা নিষ্ক্রিয় করা হয়েছিল। এমতাবস্থায় লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে এই আবেদন করার পেছনে মূলত দুটি প্রধান উদ্দেশ্য কাজ করছে বলে ধারণা করা হয়। প্রথমত, আইনি ও ভূরাজনৈতিক মঞ্চে এটি প্রমাণ করার চেষ্টা যে তিনি দেশের সঙ্গে আইনগত ও সাংবিধানিক যোগাযোগ বজায় রাখতে সচেষ্ট আছেন। দ্বিতীয়ত, ঘরের বাইরে থাকা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা বলে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। তবে বর্তমান সরকার ও ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা একে নিছক ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বা কৌশল হিসেবেই দেখছেন, কারণ আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এবং একাধিক খুন ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক কোনো আসামির জন্য নতুন করে ভ্রমণ নথি ইস্যু করার কোনো আইনি সুযোগ বা এখতিয়ার সরকারের নেই।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার যে গুঞ্জন বা অভিপ্রায় প্রচার করা হচ্ছে, তার আইনি ও বাস্তবসম্মত ভিত্তি নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো ফৌজদারি মামলায় আদালতে দণ্ডিত বা পলাতক আসামির নিজ উদ্যোগে পাসপোর্ট নিয়ে দেশে ফিরে আদালতে ‘স্বেচ্ছায় আত্মসমর্পণের’ যে বয়ান তার সমর্থকরা প্রচার করছেন, তা প্রচলিত বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর সাজা ঘোষণা করেছেন, এবং তার বিরুদ্ধে আরও বহু মামলা বিচারাধীন রয়েছে। ফলে তিনি যদি বিমানে চড়ে সাধারণ যাত্রীর মতো স্বেচ্ছায় সীমান্ত পার হতে চান, তবে তা দেশের প্রচলিত ফৌজদারি আইন ও আদালতের নির্দেশনার পরিপন্থি হবে। সরকার বা বিচার বিভাগ কোনোভাবেই একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিকে সাধারণ নাগরিকের মতো ট্রাভেল পাস বা পাসপোর্ট দিয়ে বরণ করে নেওয়ার প্রশ্নই আসে না।
এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সামনে চলে এসেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী, দুই দেশের আইনি কাঠামোর মধ্যে থেকে অপরাধী হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা। বর্তমান সরকার ও আইন মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র বৈধ পথ হলো এই বন্দিবিনিময় চুক্তি। যেহেতু তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত ব্যাপক হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার সাজাপ্রাপ্ত আসামি, তাই তাকে কূটনৈতিক ও আইনি চ্যানেলের মাধ্যমে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়েছে এবং কূটনৈতিক নোট বা ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছে। ভারত সরকারও এই অনুরোধটি আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকেই খতিয়ে দেখছে বলে ক‚টনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
এমন একটি স্পর্শকাতর ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের ভূমিকা অত্যন্ত বিচক্ষণ, আইনসম্মত এবং দৃঢ় হওয়া আবশ্যক। প্রথমত, সরকারকে কোনো ধরনের আবেগের বশে বা রাজনৈতিক উসকানিতে পা না দিয়ে সম্পূর্ণ পেশাদারিত্ব ও আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রেখে কাজ করতে হবে। ভারতের ওপর কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে যাতে বন্দিবিনিময় চুক্তির শর্তগুলো যথাযথভাবে পালিত হয়। যেহেতু ভারত তাকে আশ্রয় দিয়েছে, তাই দুই দেশের বন্ধুসুলভ ও পারস্পরিক মর্যাদাপূর্ণ সম্পর্কের স্বার্থেই একজন সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করা নয়াদিল্লির নৈতিক ও আইনি দায়িত্ব—এই বার্তা জোরালোভাবে কূটনৈতিক মহলে তুলে ধরতে হবে।
দ্বিতীয়ত, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার বিষয়ে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডিসেম্বরের সম্ভাব্য প্রত্যাবর্তন বা আন্দোলনের নামে কোনো কুচক্রী মহল যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়, তবে তা কঠোরহস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখতে হবে। সাধারণ জনগণের মধ্যে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপগুলোর সত্যতা ও স্বচ্ছতা নিয়মিত গণমাধ্যমে তুলে ধরতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কবর রচিত হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না—সরকারকে এই রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি দৃশ্যমান রাখতে হবে।
তৃতীয়ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। শেখ হাসিনার আইনি প্রতিনিধিরা বা বিদেশি ল ফার্মগুলো মানবাধিকার বা রাজনৈতিক আশ্রয়ের ধুয়ো তুলে যদি কোনো নেতিবাচক প্রচারণা চালায়, তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা জোরালো তথ্য-উপাত্ত দিয়ে এর কাউন্টার বা প্রতিবাদ জানাবেন। বিশ্ববাসীর কাছে এটা পরিষ্কার করা প্রয়োজন যে, শেখ হাসিনার বিচার কোনো রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রতিশোধ নয়; বরং এটি দীর্ঘ দেড় দশক ধরে চলা ফ্যাসিবাদী শাসন, গুম, খুন এবং জুলাইয়ের নৃশংস গণহত্যার ন্যায়বিচার প্রতিষ্ঠার ঐতিহাসিক দাবি। ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি এবং কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে আরও গতিশীল করতে হবে।
তবে শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন এবং ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা বর্তমান রাজনৈতিক অঙ্গনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাল ছাড়া আর কিছু নয়। শেখ হাসিনাকে যদি দেশে ফিরতেই হয়, তবে তা কোনো বিশেষ সুবিধা বা পাসপোর্টের জোরে নয়, বরং বন্দিবিনিময় চুক্তির নিখাদ আইনি কাঠামোর আওতায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মুখোমুখি হওয়ার জন্যই ফিরতে হবে। এই পরিস্থিতিতে সরকারের বিচক্ষণ কূটনীতি, আইনের শাসন প্রতিষ্ঠায় অনমনীয় মনোভাব এবং জনগণের আস্থাই পারে দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে ন্যায়বিচার নিশ্চিত করতে।
লেখক: চিকিৎসক ও কলামিস্ট।
কেকে/সাশ