গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির ফ্যাসিস্ট নেতৃত্ব, গঠনতন্ত্র লঙ্ঘন, স্বৈরাচারী সিদ্ধান্ত ও উদ্দেশ্য প্রণোদিত নোটিশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনের একাংশের নেতারা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন বলেন, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি: নং ঢাকা ৪২৬১) একটি নির্ধারিত গঠনতন্ত্র ও গনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কিন্তু পরিতাপের বিষয় বর্তমানে এই সংগঠনটি গঠনতন্ত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে ফ্যাসিস্ট নেতৃত্বের মাধ্যমে একচ্ছত্র আধিপত্য বিস্তার, বেআইনি পদ সৃষ্টি ও অর্থ আত্মসাতের মত নানা অনিয়মে জড়িয়ে পড়েছে। এছাড়াও বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একজনকে সভাপতির দায়িত্ব দিয়ে অবৈধ ভাবে সংগঠনের কর্মকান্ড পরিচালনা করছে।
এসব ঘটনার প্রতিবাদ করায় সংঘটনের ফ্যাসিস্ট নেতৃত্ব আমাকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। এসব নোটিশের জবাব দেওয়া হলেও তারা কোনো আইন সংগত ব্যাখ্যা প্রদান করেনি। আমরা এই ফ্যাসিস্ট নেতৃত্বের অপসারণ ও সাধারণ সদস্যদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বলেন, সমিতির সকল সিদ্ধান্তে সাধারণ সদস্যদের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। গোপন ভোটের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে। আদালত কতৃক স্থগিতাদেশপ্রাপ্ত সভাপতি পদ ও গঠনতন্ত্র লঙ্ঘন করা আইন সম্পাদক পদ বাতিল করতে হবে। গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
অবিলম্বে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড বন্ধ, ফ্যাসিস্ট নেতৃত্বের অপসারণ ও সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানান তারা।
কেকে/ এমএস