কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার গতিরোধ করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের মামলার প্রধান আসামি রাজাকে (২৭) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প (সিপিসি-২)।
বুধবার (১১ নভেম্বর) সকালে এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার রাত ৯টা ৫৯ মিনিটে কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় পৌর মহিলা কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজা পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
এসআরবির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩০) তালাকপ্রাপ্ত এবং একসময় বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে অটোরিকশায় করে ভাড়া বাসায় ফিরছিলেন তিনি। পথে উপজেলার সৈয়দগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, তারা ওই নারীকে জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে একটি নির্জন ছাপড়াঘরে নিয়ে যান। সেখানে রাজা, বিজয় (২৩) ও বাবু (২০) পর্যায়ক্রমে তাকে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার লুট করে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তাঁরা।
এ ঘটনায় ভুক্তভোগী নারী পাকুন্দিয়া থানায় মামলা করেন। এরপর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজাকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
এসআরবি জানায়, ‘গ্রেপ্তারের পর রাজাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘এসআরবির সদস্যরা গ্রেপ্তার রাজাকে থানায় হস্তান্তর করেছেন। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
গত ৪ নভেম্বর ঢাকার মোহাম্মদপুর থানার বাঁশবাড়ি এলাকা থেকে এ মামলার আরেক আসামি বাবুকে গ্রেপ্তার করে এসআরবি-১৪-এর কিশোরগঞ্জ ক্যাম্প। এ নিয়ে মামলার দুই আসামি গ্রেপ্তার হলেন। বাকি আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
কেকে/ এসএমএন