গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সফিপুর ফ্লাইওভারে বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত নারী ও পুরুষ শিশুটির মা-বাবা কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলের পরিস্থিতি থেকে জানা যায়, দুর্ঘটনার পর ফ্লাইওভারের ওপর কয়েক গজ দূরত্বে তিনজনের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। সড়কে রক্তের দাগও দেখা যায়। ঘটনাস্থলে নারীর একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর মোরশেদ জানান, দুপুর আড়াইটার দিকে ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে থাকা এক নারী, এক পুরুষ ও এক শিশুর মরদেহ দেখতে পান তারা।
তিনি বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। এ ছাড়া ফ্লাইওভারটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
কেকে/ এমএস