ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রনি মিয়া (পিতা আব্দুল করিম) ও মোরছালীন (পিতা মো. আমির হোসেন)। তারা দুজনই আখাউড়ার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনার রাতে ট্রেনটির ওয়াশফিড বের করে শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। পরে তিনি দ্রুত রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও আখাউড়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়। পরে ওই বগি ছাড়াই প্রায় এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ‘আগুনে ট্রেনের একটি বগির কয়েকটি আসন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখার পর ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’
আরএনবি ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
কেকে/ এসএমএন