জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা (৬৯) ও তার স্ত্রী ঝর্না আলমের (৬২) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদক আইন, ২০০৪’-এর ২৬(২) ও ২৭(১) ধারায় কমিশনের বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল বাদী হয়ে মামলা দুটি করেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহিনুল আলম ছানা ও তার স্ত্রীর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে তাদের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ১৮ মার্চ কমিশনে জমা দেওয়া বিবরণীতে শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন।
মামলার এজাহার অনুযায়ী, শাহিনুল আলম ছানা তার সম্পদ বিবরণীতে ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর সম্পদ দেখান। সব মিলিয়ে তার ঘোষিত সম্পদের পরিমাণ ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা। এর বিপরীতে দায় দেখান ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা।
তবে দুদকের যাচাইয়ে তার নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর ও ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। এতে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকা। ব্যাংকঋণসহ তার দায় পাওয়া যায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। এজাহারে বলা হয়েছে, তিনি ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এবং ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন। এ মামলায় ঘটনার সময়কাল ধরা হয়েছে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত।
শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদের তথ্য দিয়েছিলেন। কিন্তু দুদকের অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, দোকানভাড়া ও কৃষি খাত থেকে তিনি ১০ লাখ ৬৫ হাজার টাকা আয় দেখিয়েছেন। সঞ্চয়সহ বৈধ সম্পদ বিবেচনায় নেওয়ার পর তার বিরুদ্ধে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে, যা তার মোট সম্পদের ৯৬ দশমিক ৮৯ শতাংশ। এ মামলায় ঘটনার সময়কাল ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
শাহিনুল আলম ছানা মোল্লাহাট উপজেলার গারফা গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোল্লাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মন্ডল বলেন, ‘মামলা দুটির তদন্ত চলছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে। মামলার দুই আসামি শাহিনুল আলম ছানা ও ঝর্না আলম পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কেকে/ এসএমএন