ফেনীর দাগনভূঞায় ডেঙ্গু ও হাম আক্রান্ত অসহায় ও সুবিধাবঞ্চিত ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড বাংলাদেশ।
বুধবার (১১ নভেম্বর) দাগনভূঞার আতাতুর্ক হাই স্কুল অডিটোরিয়ামে এ খাদ্য সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। জার্মান মুসলিম হেল্পের অর্থায়নে এবং সোশ্যাল এইড বাংলাদেশের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।
সোশ্যাল এইড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মেহরাব হোসেন মেহেদী, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাবেক সভাপতি জহিরুল হক খান সজিব, আতাতুর্ক মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সোশ্যাল এইড বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. আলী রাহাত এবং সোনাগাজী প্রেসক্লাবের সহসভাপতি নুরুল আলম মোহাব্বত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহিরুল হক খান সজিব।
আয়োজকরা জানান, কর্মসূচির আওতায় ডেঙ্গু ও হাম আক্রান্ত অসহায় ২০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে। রোগাক্রান্ত ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর খাদ্যসংকট কিছুটা লাঘব করা এবং কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জার্মান মুসলিম হেল্পের আর্থিক সহযোগিতায় সোশ্যাল এইড বাংলাদেশের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
কেকে/ এসএমএন