কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। ডিবির এসআই রকিব উদ্দিন জনি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, সংগ্রাম, সামিউল হক রাফি, হৃদয়, জীবন, সম্রাট, তানভীর, কাদের, পাপন, আকাশ শাহরিয়া জয় ও শিমুল।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদকসেবীদের সঙ্গে ডিবি সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে এসআই রকিব উদ্দিন জনি, এসআই জিহাদ ও পুলিশের এক সোর্স আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি ফারুকুল ইসলাম। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, ‘মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।’
কেকে/ এসএমএন