বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      ● ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
বাংলাদেশ রুটে বিমান ভাড়া কমানো ও যাত্রীসেবার মান উন্নয়নে বেবিচকের নির্দেশনা
মাহফুজুল আলম খোকন, উত্তরা (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশে আসা-যাওয়া করা দেশি-বিদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দেওয়ার অভিযোগের বিষয়েও এয়ারলাইন্সগুলোকে সতর্ক করেছে সংস্থাটি।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী দেশি-বিদেশি এয়ারলাইন্স এবং এয়ারলাইন্স অপারেটিং কমিটির কাছে পাঠানো এক নির্দেশনায় এসব বিষয় উল্লেখ করা হয়।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস) এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ রুটে পরিচালিত প্রতিটি ফ্লাইটে যাত্রীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের যাত্রীসেবা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে।

বেবিচকের পর্যবেক্ষণে উঠে এসেছে, বাংলাদেশে চলাচলকারী কিছু এয়ারলাইন্সের উড়োজাহাজের কেবিন যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। কোনো কোনো উড়োজাহাজের আসন, মেঝে, কার্পেট, শৌচাগার ও ট্রে-টেবিলসহ কেবিনের বিভিন্ন অংশ অপরিচ্ছন্ন ও অপরিপাটি অবস্থায় পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং স্বাস্থ্যসম্মত ভ্রমণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে উড়োজাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করার পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশ নিয়মিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কিছু এয়ারলাইন্স তাদের অন্যান্য আন্তর্জাতিক রুটের তুলনায় বাংলাদেশ রুটে অপেক্ষাকৃত নিম্নমানের উড়োজাহাজ ও যাত্রীসেবা দিচ্ছে বলে বেবিচকের নজরে এসেছে। এ ধরনের বৈষম্য দূর করতে বাংলাদেশ রুটেও উপযুক্ত মানের উড়োজাহাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে। উড়োজাহাজের উড্ডয়ন নিরাপত্তা, যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মান নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বিশেষ করে, কোনো এয়ারলাইন্স বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক রুটে যাত্রীদের যে মানের সেবা ও সুযোগ-সুবিধা দিয়ে থাকে, বাংলাদেশ রুটেও একই মান বজায় রাখতে হবে। আন্তর্জাতিক রুটভেদে যাত্রীসেবার মানে বৈষম্য করা যাবে না বলে নির্দেশনায় গুরুত্বারোপ করা হয়েছে।

এদিকে, বিমান ভাড়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেবিচক। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভ্রমণের দূরত্ব ও প্রদত্ত যাত্রীসেবার তুলনায় কিছু রুটে বিমান ভাড়া অপেক্ষাকৃত বেশি। এ অবস্থায় রুটের দূরত্ব এবং যাত্রীসেবার মান বিবেচনায় ভাড়া পর্যালোচনা করে যৌক্তিক মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট এয়ারলাইন্স অপারেটরদের বলা হয়েছে।

বেবিচকের এ নির্দেশনার ফলে বাংলাদেশ রুটে পরিচালিত দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর কেবিনের পরিচ্ছন্নতা, উড়োজাহাজের মান, যাত্রীসেবায় বৈষম্য এবং বিমান ভাড়ার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক রুটে যাতায়াতকারী বাংলাদেশি যাত্রীদের জন্য উন্নত সেবা ও যৌক্তিক ভাড়া নিশ্চিত করতে এ নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বেবিচক জানিয়েছে, নির্দেশনায় উল্লিখিত বিষয়গুলোর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যাত্রীসেবার মান যাচাইয়ে সংস্থাটির পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে এয়ারলাইন্সগুলোর সেবার মান তদারকি করে যাত্রীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, আরামদায়ক ও মানসম্মত ভ্রমণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close