মাঠজুড়ে সোনালি হওয়ার অপেক্ষায় আমন ধান। কোথাও ধানে পাক ধরেছে, আবার কোথাও বেরিয়েছে শিষ। ঠিক এমন সময়ে হঠাৎ ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিতে কৃষকের স্বপ্নে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাতের ঝড়-বৃষ্টিতে আমন ধানের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পচে যাওয়ার আশঙ্কায় কাঁচা ধান কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে মাদারগঞ্জ পৌরসভাসহ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করেই শুরু হয় ঝড় ও বৃষ্টি। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী হয় শিলাবৃষ্টি। আকস্মিক এ দুর্যোগে সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছেন মাঠের আমন ধান নিয়ে।
উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কৃষক রহমতুল্লাহ বলেন, ‘রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস হয়েছে। আবার কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান। বাতাস ও শিলার আঘাতে কতটুকু ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তায় আছি।’
একই ইউনিয়নের নব্যচর এলাকার কৃষক জলিল মিয়া হকের কয়েক বিঘা জমির ধানও পাকতে শুরু করেছে। তিনি বলেন, ‘ধান পাকার ঠিক এই সময়ে এমন ঝড়-বৃষ্টি হলো। এতে ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?’
ঝড়-বৃষ্টির প্রভাব পড়েছে বালিজুড়ী ইউনিয়নের সুকনোগড়ী গ্রামেও। সেখানকার কৃষক সামাদ মিয়ার ২০ শতাংশ জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ফাজিলপুর এলাকার কৃষক আজিজ মিয়া ফসল পচে যাওয়ার আশঙ্কায় নিরুপায় হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মাদারগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৭ শত ৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে রাতের ঝড়-বৃষ্টিতে ২৫ হেক্টর জমির আমন ধান আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৫ হেক্টর ভুট্টা ও ১০ হেক্টর মরিচের ফসলও আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, গত রাতে ঝড়-বৃষ্টির কারণে উপজেলার কয়েকটি এলাকার কৃষি ফসল আক্রান্ত হয়ে পড়েছে। এ বিষয়ে সম্ভাব্য আক্রান্তের একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।
কেকে/ এমএস