বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা রূপান্তরমূলক বা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার মতে, বাংলাদেশের গণতান্ত্রিক ম্যান্ডেট এবং দেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী নেতা হিসেবে তারেক রহমানের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বুধবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।
হুমায়ুন কবির বলেন, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
এসব বৈঠকে বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন এবং প্রধানমন্ত্রীর নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
সাক্ষাৎগুলোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পায়। আর কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
লন্ডনের মেয়রের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করায় তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন মেয়র। এরই ধারাবাহিকতায় তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয় উঠে আসে। এ সময় উজবেকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে সম্মতি জানিয়েছেন।
অন্যদিকে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় স্থান পায়।
হুমায়ুন কবির জানান, বাংলাদেশের জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনসহ বিভিন্ন সম্ভাবনাময় প্রকল্পে চীনের বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে যুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠার সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকট নিরসনে বেইজিংয়ের সহযোগিতা নিয়েও কথা হয়েছে।
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি বহুপক্ষীয় ও সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে চীনের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আগের দিনের বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সেখানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও ইতিবাচক মতবিনিময় হয়েছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে।
এদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ৩১-এর একটি পার্শ্ব অনুষ্ঠানে অংশ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের ক্ষেত্রে সরকারের নীতিগত উদ্যোগ এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কপ৩১-এর মূল সম্মেলনে বাংলাদেশের অবস্থান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অগ্রাধিকারগুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তাঁর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
কেকে/সাশ